দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের ডাসার উপজেলার ডাইআর বিল থেকে ঠাকুর দাস (৪৫) নামে এক বাক্প্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর রোববার সকালে বিলের পানি থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুর দাস দীর্ঘদিন ধরে বাক্প্রতিবন্ধী ছিলেন। দিনমজুরি করে সংসার চালাতেন তিনি। শনিবার সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন ঠাকুর দাস। পরে ডাইআর বিলে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির জমিতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতে যান।
কাজের একপর্যায়ে তিনি বিলের গভীর পানিতে তলিয়ে যান বলে ধারণা করা হচ্ছে। সারাদিন বাড়িতে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
রোববার সকালে স্থানীয়রা ডাইআর বিলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঠাকুর দাসের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায়ও শোকের আবহ তৈরি হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, খবর পেয়ে ডাইআর বিল থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএস/